মেঘনা নদীর ইলিশের অভয়াশ্রমে নিষিদ্ধ সময়ে মাছ ধরার দায়ে নোয়াখালীর সুবর্ণচরে সাত জেলেকে আটক করে চার জনকে একবছর করে সাজা ও তিন জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যামাণ আদালত। রবিবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলার মোহাম্মপুর ইউনিয়নের গোয়ালখালী ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন– মোহাম্মপুর ইউনিয়নের চরআলাউদ্দিন গ্রামের আব্দুস সোবহানের ছেলে মামুন (২২), আছাদুল হকের ছেলে মোহাম্মদ সোহেল (২০), রুবেল (১৮) ও আনসারুল হকের ছেলে সাইফুল (২১), ছিদ্দিকের ছেলে ছালাউদ্দিন (২৪), আবুল বাসারের ছেলে জামাল (২২), আবু তাহেরের ছেলে আজগর (২০)।
উপজেলা মৎস্য কর্মকতা খোরশেদ আলম জানান, চর জব্বার থানা পুলিশের সহায়তায় সুবর্ণচর উপজেলার মোহাম্মপুর ইউনিয়নের গোয়ালখালী ঘাট এলাকার মেঘনা নদীতে মাছ ধরা অবস্থায় ৪ জন জেলেকে আটক করা হয়। একই সময় মাছ ধরার প্রস্তুতিকালে আরও ৩ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আবু ওয়াদুদ চার জেলেকে একবছর করে জেল এবং মাছ ধরার প্রস্তুতিকালে আটক ৩ জেলের জাল জব্দ করে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আবু ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে জানান, মা ইলিশ ধরা বন্ধে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে এবং তা এ মাসের ২৮ তারিখ পর্যন্ত চলমান থাকবে। তিনি এসময় মা ইলিশ ধরা বন্ধ রাখার জন্য সব জেলের প্রতি অনুরোধ জানান।








