চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৫। রবিবার দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে নাচোল উপজেলার আমলাইন এলাকার একটি পেয়ারা বাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর শিবলী মোস্তফা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি জানান।
গ্রেফতার জেএমবি সদস্যরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের রাঘবপুর গ্রামের মৃত. ফজর আলী মণ্ডলের ছেলে তৌফিকুল ইসলাম ওরফে তৌফিক ডাক্তার (৪৫) ও একই ইউনিয়নের কাইঠ্যাপাড়া গ্রামের রুহুল আমীনের ছেলে সুলাভ ওরফে সানাউল্লাহ (২২), গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে মনিরুল ইসলাম ওরফে লাদেন (৩৬) ও একই ইউনিয়নের বেনীচক গ্রামের মুজিবুর রহমানের ছেলে জিয়াউর রহমান ওরফে জিয়া (৩৬)।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়- গোপন সংবাদের ভিত্তিতে নাচোল থানার আমলাইন এলাকার একটি পেয়ারা বাগানে অভিযান পরিচালনা করে বৈঠকরত অবস্থায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সক্রিয় সদস্য জিয়াউর রহমান, সুলাভ ও তৌফিকুলকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপর জেএমবি সদস্য মনিরুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন র্যাব সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে থাকা উগ্র জিহাদী বই, হ্যান্ডনোট, লিফলেট ও ব্যবহার্য জিনিসপত্র উদ্ধার করা হয়।








