ভোলা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অধ্যক্ষ মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন শাহীনের জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৫ অক্টোবর) বাদ জোহর ভোলা সরকারি স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সর্বস্তরের জনতা। পরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। রোববার (১৪ অক্টোবর) বিকাল ৪টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দুই ছেলে রেখে গেছেন।
মোফাজ্জল হোসেন শাহীন ১৯৮০ থেকে ২০১৩ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ, ভোলা জেলার সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।








