কুষ্টিয়ার কুমারখালিতে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার দায়ে ১৬ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল থেকে পদ্মায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ৪০ হাজার মিটার কারেন্ট জাল, ১২ কেজি ইলিশ এবং ৩টি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন– রিপন হোসেন, শামীম, খলিল হোসেন, আলামিন, আব্দুল গাফফার, শহিদুল ইসলাম, মুন্নাফ শেখ, ইমান মণ্ডল, ছয়েন উদ্দিন, নুরুল ইসলাম, রইচ উদ্দিন, সাহেব আলী, আব্দুল্লাহ, শরিফুল ইসলাম, আব্দুল খালেক ও আলিফ কাজী।
৪ ঘণ্টার এ অভিযানে নেতৃত্ব দেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীবুল ইসলাম খান। এসময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. রোকনুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও রাজীবুল ইসলাম খান জানান, শিলাইদহ থেকে জগন্নাথপুর এলাকায় পদ্মা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ১৬ জেলেকে দণ্ডবিধি ১৮৬০ এর (১৮৮) ধারা মোতাবেক প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া, জব্দ কারেন্ট জাল স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে শিলাইদহ ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ মাছ সেরকান্দি বাহারুল উলুম আদর্শ বালিকা মাদ্রাসায় দেওয়া হয়। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত জব্দ নৌকা স্থানীয় ইউপি সদস্য মো. শরিফুল ইসলামের জিম্মায় থাকবে। ইলিশ রক্ষার জন্য এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।








