ফেনী শহরের আতিকুল আলম সড়কের বাসা থেকে হোসনে আরা (১৮) নামের একজন গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরপর থেকেই নিহত নারীর স্বামী নোমান ওরফে রায়হানকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত ছাড়া এই ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা আমরা বলতে পারবো না।’
এদিকে নিহত গৃহবধূর স্বজনদের অভিযোগ, নোমান ওরফে রায়হান যৌতুকের জন্য বিয়ের পর থেকে তার স্ত্রী হোসনে আরাকে নিয়মিত নির্যাতন করতো। একই কারণে মঙ্গলবার সন্ধ্যায় হোসনে আরাকে মারধরের পর গলা টিপে হত্যা করা হয়েছে। এরপর থেকেই পলাতক আছে সে।
এই ব্যাপারে নিহত গৃহবধূর স্বামী নোমান ওরফে রায়হানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।








