সুনামগঞ্জ-৪: জাপার প্রার্থী নিশ্চিত, আ.লীগ-বিএনপিতে লড়াই

হিমাদ্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ:
২৬ অক্টোবর ২০১৮, ১৩:৫৬আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ১৩:৫৮

জাপা, আ.লীগ ও বিএনপির মনোনয়ন প্রার্থীরা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সুনামগঞ্জ -৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে জাতীয় পার্টির প্রার্থী চূড়ান্ত হলেও আওয়ামী লীগ ও বিএনপি থেকে কে প্রার্থী হবেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মনোনয়ন পাওয়ার আশায় নির্বাচনি এলাকা চষে বেড়াচ্ছেন এই দুটি দলের নেতারা। জেলার গুরুত্বপূর্ণ এই আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি- তিন দলই বিভিন্ন সময় বিজয়ের স্বাদ পেয়েছে। এখানে কোনও দলের একক ভোট ব্যাংক না থাকলেও সব দলের এলাকা ভিত্তিক একটি ভালো অবস্থান রয়েছে।

জানা যায়, জাতীয় পার্টির প্রধান হুসেইন মুহম্মদ এরশাদ সম্প্রতি সুনামগঞ্জ সফর করে বর্তমান এমপি পীর ফজলুর রহমান মিসবাহকে দলীয় প্রার্থী ঘোষণা করেছেন। সুতরাং জাতীয় পার্টির পক্ষ থেকে পীর ফজলুর রহমান মিসবার মনোনয়ন চূড়ান্ত।

এ ব্যাপারে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, ‘আমি এলাকাবাসীর সুখে দুঃখে সব সময়  আছি। এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। পুরো এলাকাতে নতুন নতুন অবকাঠামো নির্মাণ করা হয়েছে। মাদক, সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছি। এছাড়া জাতীয় পার্টিকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে দলকে একটি শক্তিশালী ভিতের উপর দাঁড় করানো হয়েছে। বর্তমানে এখানে জাতীয় পার্টি একটি শক্তিশালী সংগঠন। আগামী নির্বাচনের ফলাফলে এসবের প্রতিফলন ঘটবে। আমার দৃঢ় বিশ্বাস, আগামী নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টিকে বিপুল ভোটে বিজয়ী করবেন সাধারণ মানুষ।’

এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন।

বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন- সাবেক হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক আসপিয়া, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান বলেন, ‘বড় দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবেই। এটাকে কোন্দল বলা যাবে না। এ আসনে অতীতে এমপি ছিলাম। এখনও মানুষের সঙ্গে সুসম্পর্ক আছে। এমপি থাকাকালে রেকর্ড পরিমাণ উন্নয়ন হয়েছে। আশা করছি, মাননীয় নেত্রী সদরে আমাকে মনোনয়ন দেবেন। প্রার্থী হলে নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে।’

বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল বলেন, ‘বিএনপি এখনও নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়নি। এবার তৃণমূলের দাবি উঠেছে আমাকে প্রার্থী হওয়ার জন্য। দল ভোটে গেলে আমি মনোনয়ন চাইব এবং আমি আশাবাদী, তৃণমূলের নেতাকর্মীদের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমাকে মনোনয়ন দেওয়া হবে। এ পর্যন্ত দেশে অবাধ-সুষ্ঠু নির্বাচনের কোনও পরিবেশ সৃষ্টি হয়নি। মানুষ যদি তাদের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগের সুযোগ পান, তাহলে ভোটের মাধ্যমে আ’লীগের দুঃশাসনের প্রতিশোধ নেবে জনগণ। বিএনপি এখন সদর আসনের সবচেয়ে জনপ্রিয় দল।’

জানা যায়- দেখার হাওর, খরচার হাওর এবং আঙ্গারুলি হাওরসহ সুরমা ও চলতি নদী বেষ্টিত (সদর-বিশ্বম্ভরপুর) সুনামগঞ্জ-৪ আসন। এই আসনে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৬২৬ জন। ৫৩০ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট আসনে গারো ও হাজং অধিবাসীর বসবাস রয়েছে। এখানকার বেশিরভাগ মানুষ কৃষিজীবী ও মৎস্যজীবী। এছাড়া ৩০ হাজার বারকি (বালি পাথর উত্তোলনকারী শ্রমিক) শ্রমিক রয়েছে।

১৯৭৩ সাল থেকে আজ পর্যন্ত  আসনটিতে তিন বার করে নৌকা ও ধানের শীষ এবং  চার বার লাঙল মার্কার প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। বর্তমানে আসনটি জাতীয় পার্টির দখলে থাকলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও  বিএনপিও এর দখল নিতে চায়।

১৯৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে বিজয়ী হন আবদুজ জহুর মিয়া। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে এমপি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুল হক আসপিয়া, ১৯৯৬ সালের ১২ জুন এবং ২০০১ সালের নির্বাচনেও তিনি বিজয়ী হন। ২০০৮ সালের ভোটে বিজয়ী হন মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির বেগম মমতাজ ইকবাল। তিনি লাঙল প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ১ লাখ ২৩ হাজার ৮৮৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ফজলুল হক আসপিয়া ধানের শীষ নিয়ে পান ৫৮ হাজার ৯৬৪ ভোট। নির্বাচনের সাড়ে ৩ মাসের মাথায় ২০০৯ সালের ১৭ এপ্রিল মমতাজ ইকবাল মারা গেলে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মতিউর রহমান এমপি হন। ২০১৪ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে বিজয়ী হন জাতীয় পার্টির অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। 

 

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম