নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-নোবিপ্রবি’র ২০১৮-১৯ সেশনের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের সহায়তা করতে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এর মধ্যে আছে ভর্তিচ্ছুদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করা, চিকিৎসা সেবা, আবাসনের ব্যবস্থাসহ অন্যান্য উদ্যোগ। স্থানীয় নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পৃষ্ঠপোষকতায় শিক্ষার্থীদের সহায়তা করা হচ্ছে।
ছাত্রলীগ সূত্র জানায়, স্বেচ্ছাসেবক হিসেবে ছাত্রলীগ নেতাকর্মীরা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ৫ হাজার বোতল পানি, এক হাজার পানির জারের ব্যবস্থা করেছে। এছাড়া তারা বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীদের তাদের পরীক্ষা কেন্দ্র ও আসন খুঁজে বের করতে সহায়তা করছে। এছাড়া পরীক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার জন্য ‘ফ্রি মেডিক্যাল সার্ভিস’র ব্যবস্থাও করা হয়েছে।
ভর্তি পরীক্ষা উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ স্থান, বাস স্টেশন এবং রেল স্টেশনে ‘তথ্য সহায়তা কেন্দ্র’ খুলেছে ছাত্রলীগ। এসব কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষার্থীদের আসন বিন্যাস বের করে দেওয়াসহ শিক্ষার্থী ও অভিভাবকদের বসার ও পানীয় পান করানোর ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষার্থীদের আবাসন সুবিধার জন্য ক্যাম্পাসের চারটি স্থানে ‘অস্থায়ী আবাসন কেন্দ্রে’র ব্যবস্থা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম ধ্রুব বলেন, ‘২০১৮-১৯ শিক্ষাবর্ষে নোবিপ্রবিতে প্রায় ৭২ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এই পরীক্ষার্থীদের কষ্ট লাঘব করতে সেবা প্রদানের জন্য প্রস্তুত নোবিপ্রবি ছাত্রলীগ।
উল্লেখ্য, নোবিপ্রবিতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার (২৬ অক্টোবর) শুরু হয়েছে। এবার ৬ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে যা চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।








