বিএনপির নেতৃত্বশূন্যতার কারণেই ড. কামাল হোসেন তাদের সঙ্গী হয়েছেন। তাদের ওপরে ভর করে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
রবিবার (২৮ অক্টোবর) দুপুর তিনটার দিকে সাভারের ঝাউচর এলাকায় এক সুধীসমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘দেশে অরাজকতা সৃষ্টি করে যারা অবৈধপথে ক্ষমতায় আসার লোভ করছেন, তাদের সেই স্বপ্ন কোনও দিনই পূরণ হবে না। নির্বাচন যথাসময়ে হবে। কোনও অপশক্তি নির্বাচন বন্ধ করতে পারবে না। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনও লাভ নেই। জনগণকে সঙ্গে নিয়ে দমন করা হবে।’
খাদ্যমন্ত্রী এর আগে ঝাউচরে ৭২ লাখ টাকা ব্যয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলমের সভাপতিত্বে সুধী সমাবেশে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাবশিরা ইসলাম লিজা প্রমুখ।








