চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকদের বহনকারী বাসে হামলা চালিয়েছে পরিবহন শ্রমিকরা। এসময় চালককে মারধর করেছে তারা। সোমবার (২৯ অক্টোবর) সকালে সাড়ে ৮টায় নগরীর বহদ্দারহাট টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষকদের বহনকারী বাসটি নগরীর চাঁদগাও আবাসিক এলাকা থেকে ছেড়ে বদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় পোঁছানোর পর পরিবহন শ্রমিকরা বাসটি আটকে দেয়। এসময় চালকের মুখে পোড়া মোবিল লাগিয়ে দেয় তারা। তারপর গাড়ি চালানোর অপরাধে চালককে মারধর করা হয়। এসময় বাধা দিতে চাইলে বাসে অবস্থানরত শিক্ষকদের হেনস্থা করে পরিবহন শ্রমিকরা। পরে বেশ কিছুক্ষণ গাড়ি আটকে রাখার পর গাড়িটি ছেড়ে দেয়।
এ ব্যাপারে মাধরের শিকার ওই গাড়ির চালক মো. দুলাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভর্তি পরীক্ষা উপলক্ষে সকালে শিক্ষকদের আনতে যাই। কিন্তু আসার সময় বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় আসলে অবরোধকারীরা বাস থামিয়ে আমাকে মারধর করে।’
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের প্রশাসক অধ্যাপক ড. রাশেদ-উন-নবী বাংলা ট্রিবউনকে বলেন, ‘আমাদের একটি শিক্ষক-বাসে হামলা চালিয়েছে অবরোধকারীরা। এসময় গাড়ির চালককে মারধর করেছে তারা। আমরা বিষয়টি পুলিশকে অভিহিত করেছি।’
প্রসঙ্গত, শনিবার (২৭ অক্টোবর) থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়। কিন্তু রবিবার (২৮ অক্টোবর) ৪৮ ঘণ্টার ধর্মঘট ডাকে পরিবহন শ্রমিকরা। যার ফলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হয়।








