বাংলাদেশ-ভারত সম্পর্ক চিরদিন অবিচ্ছেদ্য থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশ ও ভারত সম্পর্কের একটি বীজ বপন করেছিলেন। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সেই সম্পর্ক আজ এক সোনালী অধ্যায়ে পৌঁছেছে।’
বুধবার (৩১ অক্টোবর) দুপুরে দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন শেষে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘যেকোনও সংকটময় মুহূর্তে বাংলাদেশের পাশে ভারত ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এবং ভারতের সেনারা একসঙ্গে যুদ্ধ করেছিল এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিল।’
সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, রাজ দেবোত্তর এস্টেটের সদস্য চিত্ত ঘোষ প্রমুখ। এর আগে প্রাচীন স্থাপত্য শৈলীতে নির্মিত উপমহাদেশের ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির পরিদর্শন করেন ভারতীয় হাই কমিশনার।
এদিকে, দুপুর দেড়টায় দিনাজপুরের কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের সংস্কার, উন্নয়ন ও মাল্টিপারপাস কমিউনিটি হলের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ভারতীয় হাই কমিশনার। ভারতীয় সরকারের অর্থায়নে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৩ লাখ টাকা। এসময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।








