দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (৩১ অক্টোবর) ভোররাত ৫টার দিকে হিলি সীমান্তের চণ্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলো হিলির ফকিরপাড়া গ্রামের মৃত জাহাঙ্গির হোসেনের ছেলে জুয়েল মিয়া (২৭), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে শাওন হোসেন (১৮)।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাত ৫টার দিকে হিলি সীমান্তের চণ্ডিপুর এলাকার জনৈক খাদিজা বেগমের লিচুবাগানে অভিযান চালানো হয়। অভিযানে জুয়েল ও শাওন নামে কুখ্যাত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।এ সময় তাদের কাছে থাকা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে তাদেরকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া আটককৃতদের বিরুদ্ধে হাকিমপুর থানায় ইতোপূর্বে বিশেষ ক্ষমতা আইনেও মামলা রয়েছে।








