জামালপুরে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের প্রতিবাদে ও মুক্তির দাবিতে গণঅনশন করেছে জামালপুর জেলা বিএনপি। শহরের স্টেশন বাজার মোড়ে দলীয় কার্যালয়ের সামনে প্রধান সড়কে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ গণঅনশন কর্মসূচি শুরু হয়ে বেলা ১টার দিকে শেষ হয়।
কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে অনুষ্ঠিত এ গণঅনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সম্পাদক শহিদুল হক খান দুলাল, আনিসুর রহমান বিপ্লব, বিশেষ সম্পাদক লোকমান আহমেদ লোটন, শহর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত আলী, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিলন প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী লীগ এখন আর ক্ষমতায় নেই। তাই তাদের ক্ষমতাসীন ভেবে আলাদা সম্মান ও বিশেষ সুবিধা দেওয়ার কোনও সুযোগ নেই। নিরপেক্ষ বিচারক থাকলে এ ধরনের রায় হতো না। এই ফরমায়েশি রায় বাংলার মানুষ মানে না। প্রতিবাদে ফুঁসে ওঠা জনগণ তীব্র গণআন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে নির্বাচনে অংশ নেবে। খালেদা জিয়াকে জেলে রেখে কোনও নির্বাচন করতে দেওয়া হবে না। অবিলম্বে বিএনপি নেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেন বক্তারা।








