কক্সবাজারের টেকনাফে আসমা আকতার (১৪) নামে এক কিশোরীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গলাকাটা অবস্থায় হাসিনা বেগম (৩০) নামে আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত আসমা আকতার ওই এলাকার সৌদি প্রবাসী সৈয়দ আলমের পালিত কন্যা। গলাকাটা অবস্থায় হাসপাতালে ভর্তিকৃত হাসিনা সৈয়দ আলমের স্ত্রী।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বাংলা ট্রিবিউনকে জানান, সন্ধ্যার পর পরই দুষ্কৃতকারীরা বাড়িতে ঢুকে হাসিনা বেগম ও আসমা আকতারকে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। এ সময় টের পেয়ে স্থানীয়রা এগিয়ে আসলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে। এ সময় আসমা ঘটনাস্থলেই মারা গেলেও জীবিত থাকায় হাসিনা বেগমকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসিনার অবস্থা সংকটাপন্ন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।








