সাভারে পর্যটন শিল্পের বিকাশে উদ্যোগ গ্রহণের জন্য পর্যটন উন্নয়ন ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ নভেম্বর) বিকাল ৪টার দিকে সাভার উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পর্যটন শিল্পের সমৃদ্ধিতে ভূমিকার রাখতে সরকার ও স্থানীয় উদ্যোক্তাদের আহ্বান জানানো হয় এই সভা থেকে।
সাভার উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সংগঠনটির সভাপতি মিঠুন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৌমিত্র দেব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পর্যটন বিষয়ক স্থায়ী কমিটির সদস্য মাহমুদা রহমান মুন্নী ও প্রধান বক্তা হিসেবে ছিলেন মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের উপ-পরিচালক নিরদ চন্দ্র সরকার।
অনুষ্ঠানে উদ্বোধক সৌমিত্র দেব বলেন, ‘জাতীয় স্মৃতিসৌধের ওপর ভিত্তি করে সাভারে গড়ে উঠতে পারে এই পর্যটন শিল্প। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এই সাভারে রয়েছে ঐতিহাসিক অনেক নিদর্শন।’
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদা রহমান মুন্নী বলেন, ‘প্রাকৃতিক ও ঐতিহাসিক পর্যটন কেন্দ্র রয়েছে এই সাভারে। অপার নৈসর্গিক সৌন্দর্য্য, প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শনসমৃদ্ধ সাভারের পর্যটন শিল্প বিশ্বের ভ্রমণপ্রিয় মানুষকে আকৃষ্ট করবে।’
প্রধান বক্তা নিরদ চন্দ্র সরকার বলেন, ‘পর্যটন খাতে যে বৈচিত্র্য রয়েছে, তাতে সহজেই পর্যটকদের আকর্ষণ করা যাবে। সাভারের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট মানুষকে আকৃষ্ট করবে।’
এসময় আরও বক্তব্য রাখেন- শিক্ষাবিদ জেসমিন নূর প্রিয়াংকা, লেখন ও গবেষক সামারীন দেওয়ান, সাভার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আব্দুল খালেক, সাভার ইউনাইটেড ক্লাবের সভাপতি নয়ন হাসান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাভার উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামান হিমু।








