শেষ সুযোগ হিসেবে বিএনপিকে নিবার্চনে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেছেন, ‘সংলাপে এসেছেন, আপনাদের ধন্যবাদ। জনগণের ওপর আস্থা ও বিশ্বাস রাখুন। শেষ সুযোগ হিসেবে নির্বাচনে আসুন।’
শনিবার (৩ নভেম্বর) বিকালে চট্টগ্রাম নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। জেল হত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে মেয়র প্রধান অতিথি ছিলেন।
আ জ ম নাছির বলেন, ‘দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার অংশ হিসেবে বিএনপি নানামুখী চক্রান্ত করে যাচ্ছে। এখন জাতীয় ঐক্যফ্রন্টে যুক্ত হয়েছে। এই ঐক্যফ্রণ্ট এতদিন নানা টালবাহানা করেছে। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সংলাপে অংশগ্রহণ করেছে। তবে তাদের গতিবিধি লক্ষ্যনীয়। সংলাপে অংশগ্রহণ করার পরও তাদের উদ্দেশ্য জাতির কাছে পরিষ্কার নয়।’
তিনি আরও বলেন, ‘জনগণ এখন আর বোকা নয়। জনগণের আস্থা অর্জন করতে হবে। জনগণের কাছে নিজেদের উদ্দেশ্য স্পষ্ট করতে হবে। জনগণ এখন উন্নয়ন চায়। জনগণকে কাছে রাখার চেষ্টা করুন। জন-আস্থা অর্জন করতে হলে আগামী নির্বাচনে অংশগ্রণের প্রস্তুতি নিন। সংলাপে যেমন এসেছেন, নির্বাচনেও আসুন। জনগণ ভোট দিয়ে আপনাদের ক্ষমতায় আনলে আমরা মেনে নেবো।’
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, সদস্য আবুল মনসুর, কাউন্সিলর গিয়াস উদ্দিন, নগর স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক জিয়াউদ্দিন প্রমুখ।
নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, ‘উনারা বলেছেন, গণভবনে গিয়ে খাবেন না। এরপর খাবার দেখে লোভ সামলাতে পারলেন না। খেলেন, কিন্তু সেটা যখন মিডিয়ায় আসলো তখন আবার প্রশ্ন তুললেন। খাবারের খবর কিভাবে মিডিয়ায় গেল। যারা খাবারের লোভ সামলাতে পারেন না, তারা ক্ষমতার লোভ কিভাবে সামলাবে।’








