চট্টগ্রাম দোহাজারী রুটে নতুন এক জোড়া ট্রেন চালু করেছে সরকার। শনিবার (০৩ নভেম্বর) দুপুরে পটিয়া রেলস্টেশনে উপস্থিত থেকে এ দুটি ট্রেন উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক। এরপর ট্রেনটি পটিয়া স্টেশন থেকে দোহাজারীর উদ্দেশে ছেড়ে যায়।
এর আগে পটিয়া রেলওয়ে স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন মন্ত্রী।
অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘বর্তমান সরকার রেলওয়ের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসলে দেশের সবগুলো বিভাগ ও জেলাকে রেলওয়ে সেবার আওতায় নিয়ে আসবে। দেশের সব বিভাগীয় শহরে বুলেট ট্রেন যাবে। প্রথমে ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন চালু করা হবে। ’
মুজিবুল হক বলেন, ‘ঢাকা-বরিশাল রুটে ট্রেন চালুর ব্যবস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রী আবারও ক্ষমতায় গেলে পাতাল ট্রেন ও ইলেকট্রিক ট্রেন চালু করবেন।’
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মাঈন উদ্দিন খান বাদল, পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, চন্দনাইশ-সাতকানিয়া আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, রেল মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন, রেলওয়ের মহাপরিচালক কাজী রফিকুল হক, রেলওয়ে পূর্বাঞ্চল এর মহাব্যবস্থাপক ফারুক আহমেদ প্রমুখ।
উদ্বোধন হওয়া এ দুটি ট্রেন দোহাজারী স্টেশন থেকে সকাল ৬টা ৪০ মিনিটে নগরীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। আবার সন্ধ্যা ৬টায় নগর থেকে ছেড়ে আসবে।








