চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সংঘর্ষের ঘটনায় হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করেছে ছাত্রলীগের একাংশ। শনিবার (৩ নভেম্বর) বিকাল ৫টার দিকে মো. আল আমিন নামে এক ছাত্রলীগ কর্মী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চবির ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আটজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।’
মামলার আসামিরা হলেন চারুকলা ইনস্টিটিউটের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের আনোয়ার হোসেন শুভ, মার্কেটিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শ্রাবণ মিজান, আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মিজান সাইখ, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাঈদ করিম মুগ্ধ, লোকপ্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাহেদ তানিম, নৃবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আল আমিন শান্ত, আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ফোরকানুল ইসলাম শান্ত, পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শফিকুল ইসলাম শাওন। তারা সবাই নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী।
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার দিবাগত রাতে সংঘর্ষে লিপ্ত হয় ছাত্রলীগের দুই গ্রুপ ‘সিএফসি’ ও ‘সিক্সটি নাইন’। রাতভর চলা এই সংঘর্ষে আহত হন উভয় গ্রুপের ১১ নেতাকর্মী। তাদের মধ্যে ‘সিক্সটি নাইন’ নগরীর মেয়র আ জ ম নাছিরের অনুসারী এবং ‘সিএফসি’ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহীবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।








