ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক প্রথম বর্ষের প্রথম দিনের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলা কালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহাসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন ইউনিট সমন্বয়কারীসহ অন্যরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম দিনের ভর্তি পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হয়। মোট ৬টি কেন্দ্রে ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। অন্যান্য বারের তুলনায় এবার সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হলেও, কয়েকটি ক্ষেত্রে ত্রুটি ছিল লক্ষণীয়। সকাল সাড়ে এগারোটা থেকে তিন শিফটে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় অনুষদ ও মীর মোশাররফ হোসেন ভবনে প্রশ্নপত্র সংকটের ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীদের মাঝে ১০ মিনিট দেরিতে প্রশ্নপত্র সরবরাহ করা হয়।
এ প্রসঙ্গে ‘বি’ ইউনিটের সমন্বয়কারী সদস্য অধ্যাপক মামুনুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছোট একটি ভুলে সমস্যাটি হয়েছিল। পরে প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আবদুল লতিফ বলেন, ‘সকল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আশা করি আগামীকালের পরীক্ষাও ভালোভাবে শেষ হবে।’








