বাগেরহাটের শরণখোলা উপজেলার বলেশ্বর নদী থেকে ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটকের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত উপজেলা মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে এসব জাল আটক করা হয়।
শরণখোলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, তাফালবাড়ী ফাঁড়ি পুলিশের আইসি মো. মারাফাত ইসলামের সহযোগিতায় রবিবার রাত ৮টা থেকে সোমবার রাত ৩টা পর্যন্ত বলেশ্বর নদীতে অভিযান চালানো হয়। এসময় বলেশ্বর নদীর তাফালবাড়ী, বগী ও মাঝের চর এলাকা থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১২ কেজি জাটকা ইলিশ আটক করা হয়। ওই রাতেই গাবতলা এলাকার বলেশ্বর নদীর পাড়ে আটককৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জাটকাগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
মৎস্য কর্মকতা আরও জানান, ইলিশের প্রজননের জন্য অক্টোবর মাসে ২২দিন সব ধরণের মৎস্য আরণে নিষেধাজ্ঞা শেষে ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জাটকা অবরোধের এই সময়ে মৎস্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে।








