দিনাজপুরের হিলিতে নাশকতার মামলায় জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি, এক কর্মী এবং মাদকসহ এক যুবকসহ মোট ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ নভেম্বর) ভোরে হিলির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো, হিলির কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত সোলায়মান আলীর ছেলে আব্দুল মান্নান (৫৬), সে আলিহাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি। হিলির পালিবটতলি গ্রামের লুৎফর রহমানের ছেলে মোতালেব হোসেন (৩৫), সে জামায়াতের সক্রীয় কর্মী। পাঁচবিবি উপজেলার নিলতা গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে মামুনুর রশীদ(২৬)।
ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হিলির কাশিয়াডাঙ্গা ও পালিবটতলি এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মান্নান ও মোতালেব হোসেন নামের দুই জামায়াতের নেতা-কর্মীকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এছাড়াও একই সময়ে হিলির মালেপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২শ গ্রাম গাঁজাসহ মামনুর রশীদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।








