বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সকালে বান্দরবান সদরের মধ্যম পাড়ায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কার্যালয় হতে প্রভাতফেরির মাধ্যমে মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৫তম মৃত্যুবার্ষিকী উদযাপনের কর্মসূচি শুরু হয়। এসময় খালি পায়ে কালো পতাকা ও ব্যানার হাতে নিয়ে দলীয় নেতাকর্মীরা জনসংহতি সমিতির কার্যালয় হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে জমায়েত হয়।
পরে দলীয় কার্যালয়ে এক শোকসভা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠান উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কে এস মং মারমা, বান্দরবান জেলা কমিটির সভাপতি উছোমং মার্মা, সদর উপজেলার সভাপতি উচসিং মার্মা, সাধারণ সম্পাদক পুশ থোয়াই মার্মা, পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি অজিত তংচঙ্গ্যা প্রমুখ।
এসময় সভায় বক্তারা শান্তি চুক্তির পূর্ণাঙ্গ ধারা বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, যারা শান্তি চুক্তির বিরোধিতা করে তাদের প্রতিহত করতে হবে আর জুম্ম জাতির সুরক্ষায় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।








