চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন ব্যবসায়ী এম ইসফাক আহসান। এটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার আসন। শনিবার (১০ নভেম্বর) আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে এম ইসফাক মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর এম ইসফাক আহসান বলেন, ‘আমি চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। সে লক্ষ্যে আজ মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। দল যদি আমাকে যোগ্য মনে করে, তাহলে মনোনয়ন দেবে। মনোনয়ন পেলে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।’
তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস ক্লিন ইমেজ বিবেচনা করলে দল অবশ্যই আমাকে মনোনয়ন দেবে। মনোনয়ন পেলে মতলবের সবাইকে নিয়ে জননেত্রী শেখ হাসিনাকে নৌকার বিজয় উপহার দিতে পারবো বলে আশা করছি।’
এর আগে চাঁদপুর-২ আসনে শুক্রবার আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও তার ছেলে সাজেদুল হক চৌধুরী দিপু।








