বিশ্ব মানবতার সার্বিক কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হলো তিন দিনের জেলা ইজতেমা। শনিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় আখেরি মোনাজাতের মাধ্যমে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আয়োজিত এ জেলা ইজতেমার সমাপ্তি ঘটে।
ঢাকার কাকরাইল থেকে আসা তাবলিগ জামাতের মুরুব্বি মুফতি আতাউর রহমান আখেরি মোনাজাত পরিচালনা করেন। পরে তাবলিগের দাওয়াতি কাজ চলমান রাখার প্রত্যয় নিয়ে ইজতেমা মাঠ ত্যাগ করেন বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা।
এর আগে গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে তিন দিনের জেলা ইজতেমা শুরু হয়। ইসলামের দাওয়াতের কাজ চলমান রাখতে জেলাভিত্তিক ইজতেমার আয়োজন করা হয়েছে বলে জানান কুড়িগ্রাম তাবলীগ জামাতের মুরব্বীরা। ইজতেমায় জেলার ৯ উপজেলার তাবলিগের সাথীরা ছাড়াও রংপুর অঞ্চলের বিভিন্ন জেলার লাখো মুসল্লির সমাগম ঘটে।
কুড়িগ্রাম তাবলিগ জামাতের শূরা সদস্য মো. এরশাদুল আলম চাঁদ বলেন, ‘অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে শান্তিপূর্ণভাবে তিন দিনের জেলা ইজতেমা শেষ হয়েছে। এখান থেকে শিক্ষা নিয়ে মুসল্লিরা নতুন উদ্দীপনায় দেশ ও দেশের বাইরে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন।’ শান্তিপূর্ণভাবে ইজতেমা শেষ করতে সহায়তা করায় তাবলিগ জামাতের পক্ষ থেকে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান শূরা সদস্য।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, ‘তিন দিনের জেলা ইজতেমা শান্তিপূর্ণভাবে শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় ইজতেমা প্রাঙ্গনে নজরদারি করেছে। ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের পাশাপাশি এলাকার লোকজনের সার্বিক সহযোগিতায় এ আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয়েছে।’








