চট্টগ্রাম চিড়িয়াখানায় অস্ট্রেলিয়া থেকে ক্যাঙ্গারু আনার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। তিনি বলেছেন, ‘চিড়িয়াখানায় নান্দনিক শিশু পার্ক স্থাপন করা হবে। শিগগির অস্ট্রেলিয়া থেকে আনা হবে ক্যাঙ্গারু আর উট পাখি।’ বুধবার (২১ নভেম্বর) চট্টগ্রাম চিড়িয়াখানায় পক্ষীশালা উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
জেলা প্রশাসক বলেন, ‘এক সময় ভর্তুকি দিয়ে চালানো চট্টগ্রাম চিড়িয়াখানায় এখন আশার আলো দেখছি। বর্তমানে চিড়িয়াখানায় ৬টি জেব্রা, সাম্বার, গয়ালসহ বেশ কিছু প্রাণী বিদেশ থেকে আনা হয়েছে। নতুন একটি মিনি অ্যাভিয়ারি প্রতিষ্ঠা করা হয়েছে। এটি চিড়িয়াখানায় ঢুকতে জনসাধারণের নজর কাড়বে। এখানে বিদেশ থেকে আনা ৭ থেকে ৮টি প্রজাতির দৃষ্টিনন্দন পাখি থাকবে।’
চিড়িয়াখানার কিউরেটর শাহাদাত হোসেন জানিয়েছেন, ‘বর্তমান জেলা প্রশাসকের পরিকল্পনা আর নির্দেশনায় ৩৪ লাখ টাকা ব্যয়ে মিনি অ্যাভিয়ারি নির্মিত হয়েছে। যার মধ্যে ২০ লাখ টাকা অবকাঠামো ব্যয়, বাকি ১৪ লাখ টাকা পাখি ক্রয়ে ব্যয় করা হয়েছে।’
তিনি আরও জানান, পক্ষীশালায় ৬টি প্রজাতির ৩০০ পাখি রয়েছে। এর মধ্যে ২০ জোড়া লাভ বার্ড, ৫০ জোড়া লাফিং ডাভ, ১০ জোড়া ফিজেন্ট, ১০টি রিংনেড পারোট, ৫০টি কোকাটেইল রয়েছে।








