মনোনয়ন কিনতে গিয়ে লাশ হয়ে ফেরা যশোর বিএনপির সহ-সভাপতি ও মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর আবুর নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। মরদেহ আসার খবর শুনে শুক্রবার (২৩ নভেম্বর) তার বাড়িতে জড়ো হন কেশবপুরের বিভিন্ন এলাকার মানুষ ও দলীয় নেতাকর্মীরা।
শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে আবু বকর আবুর লাশ ঢাকা থেকে কেশবপুরে তার নিজবাড়ি বাগদাহ গ্রামে আনা হয়। উপজেলার পাবলিক ময়দানে বিকালে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। এরপর গ্রামের বাড়িতে দ্বিতীয়বার নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আবু বক্কর আবু সম্পর্কে জেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আবু ভাই ভালো মানুষ ছিলেন। জনপ্রিয় ছিলেন বলেই ২০-২২ বছর ধরে তিনি জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সংসদ নির্বাচনে দলের প্রার্থী হতেই হবে এমন মানসিকতার মানুষ তিনি ছিলেন না। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, মনোনয়ন তিনি চাইতেই পারেন।’
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচন প্রার্থী হওয়ার জন্য আবু বক্কর আবু বিএনপির মনোনয়ন ফরম কিনতে গত সপ্তাহে ঢাকায় যান। এরপর মনোনয়ন ফরম কেনেন। ১৯ নভেম্বর সাক্ষাৎকারের আগের দিন ১৮ নভেম্বর রাতে ঢাকার বিজয়নগর এলাকার একটি হোটেলের সামনে থেকে অজ্ঞাত ব্যক্তিরা তাকে তুলে নিয়ে যায়। এরপর ২১ নভেম্বর সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ তেলিঘাট আশ্মিনগেট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত হিসেবে তার লাশ উদ্ধার করে। ২২ নভেম্বর রাতে পুলিশের দেওয়া ফেসবুকে পোস্ট দেখে পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা তার লাশ শনাক্ত করেন।








