রাঙামাটির লংগদু উপজেলায় গাথাছড়া গ্রামে কাপ্তাই লেকের পানিতে ডুবে তিন বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ নভেম্বর) সকালে বাড়ির পাশে খেলা করার সময় কাপ্তাই লেকের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা রতন কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলো, লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের মো. আ. জব্বরের ছেলে মো. সাইন হোসেন এবং মো. সাইফুল ইসলামের ছেলে মো. মিনহাজ উদ্দিন।
স্থানীয়রা জানান, খেলার সময় বাড়ির পাশে কাপ্তাই লেকের পানিতে পড়ে ডুবে নিখোঁজ হয় মো. সাইন হোসেন ও মো. মিনহাজ উদ্দিন। পরবর্তীতে তাদের উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুইজনকে মৃত ঘোষণা করেন।
লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা রতন কুমার দে জানান, শিশুদের যখন হাসপাতালে নিয়ে আসা হয় তার আগেই তাদের মৃত্যু হয়। প্রাথমিকভাবে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।








