টাঙ্গাইলের মধুপুরে বিমান বাহিনীর এফ-৭ বিজি জেট ফাইটার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপুর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ নভেম্বর) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুরে নিজ গ্রামে এই জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে বেলা ১২টার দিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার যোগে তার মরদেহ ঈশ্বরদী আলহাজ্ব টেক্সটাইল স্কুল মাঠে নেওয়া হয়। পরে জগন্নাথপুর দারুস সালাম মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হোসেন ভুঁইয়া, উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান, পৌর মেয়র আবুল কালাম আজাদসহ নিহতের আত্মীয় স্বজন ও এলাকাবাসী অংশ নেন।
নিহত উইং কমান্ডার আরিফের সহকর্মী উইং কমান্ডার তৌহিদ এবং চাচাতো ভাই আব্দুল লতিফ এ সময় বক্তব্য রাখেন।
জানাজা শেষে উইং কমান্ডার আরিফের মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া হয়।
সশস্ত্র বাহিনীর আনুষ্ঠানিকতা শেষে উইং কমান্ডার আরিফের মরদেহ ঢাকার সামরিক কবরস্থানে দাফন করা হবে। উইং কমান্ডার আরিফ আহমেদ দিপু পাবনার ঈশ্বরদী উপজেলার মৃত আফজাল হোসেন বিশ্বাসের একমাত্র পুত্র। শুক্রবার বিকালে প্রশিক্ষণের সময় টাঙ্গাইলের মধুপুরে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন তিনি।








