টাঙ্গাইলের সখীপুরে মানবপাচারের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার (২৪ নভেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
তারা হলো, সখীপুর পৌরসভার সৌখিনমোড় এলাকার মৃত মোজাফফর আলীর ছেলে মজিবুর রহমান (৬০), পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের আলতাব হোসেন ওরফে আব্বাসীর ছেলে নাসির আব্বাসী (২৪) ও ঘাটাইল উপজেলার সাগরদিঘী এলাকার মৃত সাগর আলীর ছেলে শাহজাহান আলী (৩৫)।
সখীপুর থানার ওসি (তদন্ত) লুৎফুল কবীর বলেন, ‘প্রায় ছয় মাস আগে অভিযুক্তরা গাজীপুর পৌর এলাকার আনিসুর রহমানের ছেলে হারুনুর রশিদকে (৩০) ১২ লাখ টাকার বিনিময়ে অস্ট্রেলিয়া পাঠায়। সেখানে নিয়ে যাওয়ার পর তাকে আটকে রেখে মুক্তিপণ হিসেবে আরও চার লাখ টাকা দাবি করছে একটি চক্র। গত এক মাস ধরে হারুনুর রশিদকে তার পরিবারের কারও সঙ্গেই ফোনে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। এ ঘটনায় হারুনুর রশিদের বাবা বাদী হয়ে সখীপুর থানায় শুক্রবার (২৩ নভেম্বর) রাতে ১৩ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ এনে মামলা করেন। মামলার পর রাতেই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়।’








