একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে কারাগারে রয়েছেন কুমিল্লার চারটি আসনের বিএনপির ছয় নেতা। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য মামলা দিয়ে এই নেতাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান তাদের স্বজনরা।
কারাগারে থাকা নেতারা হচ্ছেন– কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের মনোনয়নপ্রত্যাশী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া; কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, লালমাই ও সদর দক্ষিণ) আসনের মনোনয়নপ্রত্যাশী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি মোবাশ্বের আলম ভুঁইয়া ও সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব চৌধুরী; কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক এমএ আউয়াল খান এবং কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের মনোনয়নপ্রত্যাশী ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন।








