একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৪টি আসনের মধ্যে তিনটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। আসনগুলোতে বর্তমান এমপিরাই আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। রবিবার (২৫ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এসব প্রার্থীদের চিঠি দেওয়া হয়।
আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তরা হলেন- সাতক্ষীরা-২ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জের আংশিক) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আফম রুহুল হক, সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে বর্তমান সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। সাতক্ষীরা -১ আসনে এখনও মনোনয়ন ঘোষণা করা হয়নি। সাতক্ষীরা-১ আসটি গতবার শরীক হিসেবে পেয়েছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও বর্তমান এমপি মুস্তফা লুৎফুল্লাহ। আবারও মনোনয়ন তাকে দেওয়া হলে জেলার চারটি আসনেই বর্তমান এমপিদের দখলে থাকবে।
দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রার্থীদের কর্মী-সমর্থকরা তাদের নিজ নিজ এলাকায় মিছিল, শোভাযাত্রা এবং মিষ্টি বিতরণ করেছেন।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করে সাতক্ষীরার ৪টি আসনে ৪৬ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন। এরমধ্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ১৮ জন, সাতক্ষীরা-২(সদর) আসনে ১২জন, সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা- কালিগঞ্জ আংশিক) আসনে ৭ জন এবং সাতক্ষীরা-৪(শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে ৯ জন আওয়ামী লীগ নেতা মনোনয়নপত্র কিনেছিলেন।







