ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে মো. বিল্লাল হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়াও অন্তত আরও ১০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (২৬ নভেম্বর) বিকালে কুমিল্লার চান্দিনার কলাগাঁও নামক স্থানে ঢাকাগামী রয়েল কোচ এসি বাস (ঢাকা-মেট্রো-ব-১১-২৫০৪) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে জানায় ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ।
পুলিশ জানায়, এ ঘটনায় নিহত মো. বিল্লাল হোসেন মতলব উত্তরের মৃত আবুল হোসেনের ছেলে। এসময় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মাধাইয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্য বিজিবি সদস্য মাগুরা সদর উপজেলার ইসারত হোসেনের ছেলে ইমরুল (২৫) ও কুমিল্লা নার্সিং ইনস্টিটিউট এর ইন্সট্রাক্টর আউলিয়া খাতুন (৪৫) চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানায়, সোমবার বিকালে কুমিল্লা থেকে ছেড়ে আসা রয়েল কোচ এসি সার্ভিসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এরপর স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জীবন হাজারী বলেন, ‘আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।’








