বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘রিজভী কয়েকদিন ধরে অনেক মিথ্যাচার করেছেন। তার কাজই হচ্ছে প্রতিদিন একটি সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করা। প্রোপাগান্ডা ছড়ানো।’
সোমবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর পাড় এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এসময় হাছান মাহমুদ বলেন, ‘রিজভী এমন কিছু মিথ্যাচার করেছেন যেগুলো নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। সম্প্রতি তিনি সংবাদ সম্মেলনে জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে সরকারি কর্মকর্তাদের একটি বানোয়াট বৈঠকের কথা বলেছেন। এটি নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। বিধিতে বলা আছে, কোনও প্রার্থীর বিরুদ্ধে বা কোনও ব্যাপারে প্রোপাগান্ডা ছড়ানো যাবে না।’ তিনি এ জন্য রিজভী আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানান।
ঐক্যফ্রন্টের প্রসঙ্গ তুলে হাছান মাহমুদ বলেন, ‘ঐক্যফ্রন্টে ড. কামাল হোসেনের ওপরে হচ্ছে তারেক রহমান। পত্রপত্রিকায় বেরিয়েছে তারেক রহমানই ঐক্যফ্রন্টের মনোনয়নের চূড়ান্ত তালিকা ফাইনাল করবেন। এটাই প্রমাণ করে ঐক্যফ্রন্টের তারেক রহমানই শেষ কথা। ড. কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না, আ স ম রবসহ আরও যারা আছেন ঐক্যফ্রন্টে; সবার নেতা তারেক রহমান। কারণ তার কথাই চূড়ান্ত।’








