ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের আয়শাবাদ গ্রামে বিএনপির নির্বাচনি প্রস্তুতি সভায় হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চরফ্যাশন উপজেলা বিএনপির সভাপতি আলমগীর মালতিয়া অভিযোগ করে বলেন, 'বিএনপির সাবেক এমপি ও ভোলা-৪ আসনের সম্ভব্য প্রার্থী নাজিম উদ্দিন আলমের এলাকায় আগমন উপলক্ষে আয়শাবাদ গ্রামে জামাল মেম্বারের বাড়িতে বিএনপির একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভা চলাকালে হঠাৎ করে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা হামলা চালিয়ে নেতাকর্মীদের মারধর করে এবং তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় অন্তত বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছে।'
অভিযোগ অস্বীকার করে চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, 'স্থানীয় বিএনপির দু’টি গ্রুপ রয়েছে। জামাল ও রফিক গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের কেউ জড়িত নয়।'
ওসি এনামুল হক জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।








