সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-জামালগঞ্জ-তাহিরপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। তবে সম্ভাব্য প্রার্থী যারা ছিল তাদের কেউই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন না বলে জানিয়েছেন তারা। নির্বাচনকে ঘিরে নেতাকর্মীরা এখন সংগঠিত।মনোনয়ন বঞ্চিতরা এবং নির্বাচনি এলাকার আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলে এমনই জানা গেছে।
সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রার্থী কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার বলেন, ‘দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশই শেষ কথা,এর বাইরে কোনও কথা নেই। আসন্ন নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে নৌকা মার্কাকে বিজয়ী করতে কর্মী-সমর্থকদের কাজ করতে হবে।
জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও মনোনয়ন প্রার্থী মো. রেজাউল করিম শামীম বলেন, ‘দলীয় সভানেত্রী বলেছেন নৌকা মার্কাকে ভোট দিতে, আমরা কেউ এর বাইরে নই। নেত্রীর নির্দেশ চূড়ান্ত। এলাকার নেতাকর্মীদের নৌকার বিজয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।’
সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার বলেন, ‘আমি সারা জীবন নৌকার লোক। নৌকার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। নৌকা মার্কা ছাড়া বিকল্প চিন্তা করা যায় না। দলীয় সভানেত্রীর নির্দেশনা সবার মেনে চলা উচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো কি না সেটি এলাকাবাসীর মতামতের ওপর নির্ভর করে। তারা যা চাইবে তাই হবে।’
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন বলেন, ‘নেত্রীর নির্দেশের ঊর্ধ্বে আমরা কেউ না। নির্বাচনে দেশের মানুষের কল্যাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। সে জন্য নৌকার বিকল্প কোন মার্কা নেই। নৌকা হলো উন্নয় অগ্রগতির প্রতীক। আমরা সবাই শতভাগ নৌকার পক্ষে আছি।’
বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ‘মনোনয়ন পাওয়ার পরপর নির্বাচনি এলাকার সকলের সঙ্গে আমার কথা হয়েছে। তারা সবাই নৌকার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আগামী ৩০ তারিখের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিতের বিষয়ে প্রতিশ্রুতি বদ্ধ। আসন্ন নির্বাচনে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আসনে রেকর্ড পরিমাণ ভোটের মধ্যামে বিজয়ী করে এ আসনটি উপহার দেওয়া হবে। আবারও নৌকা মার্কার বিজয় নিশ্চিত করবেন নির্বাচনি এলাকার ঐক্যবদ্ধ নেতাকর্মীরা।’
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট বলেন, ‘সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মী নৌকার বিষয়ে আপোসহীন। নৌকা মার্কার বিজয়ের বিষয়ে কোনও আপোষ নাই। নির্বাচনে সুনামগঞ্জের আসনগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জেলার প্রতিটি নেতাকর্মী মাঠে অবস্থান করছেন। দলীয় মনোনয়ন ঘোষণার পর সকল দ্বন্দের অবসান ঘটেছে। এখন আর কোনও সংশয় নেই।’







