বগুড়া-কাহালু সড়কের শীতলাই চেরিস ফিড মিলের সামনে মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে ট্রাকের ধাক্কায় আনিসুর রহমান (৫৩) নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। পুলিশ ঘাতক ট্রাকসহ হেলপার শাহিন বাখলারকে (২৫) আটক করেছে।
আনিসুর রহমান কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় শীতলাই দাখিল মাদ্রাসার ইবতেদায়ি বিভাগের প্রধান শিক্ষক ছিলেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বাংলা ট্রিবিউনকে জানান, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে তিনি মাদ্রাসা থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। শীতলাই চেরিস ফিড মিলের সামনে পৌঁছলে বগুড়াগামী একটি ট্রাক সাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে পথিমধ্যে তিনি মারা যান। ঘটনার পরপরই পুলিশ ট্রাকসহ এর হেলপার ভোলা জেলার ভরানদী উপজেলার পক্কিয়া গ্রামের আমিন বাখলারের ছেলে শাহিন বাখলাকে আটক করেছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।








