আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ আসনে (বেলাব-মনোহরদী) বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি, বিকেএমইর সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা শিল্পপতি এ এইচ আসলাম সানীকে মনোনয়ন দেওয়ার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে দুপুর ১২টায় বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা, সহকারী পুলিশ সুপার (রায়পুরা-বেলাব সার্কেল) বেলাল হোসেন ও বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।
অবরোধকারীদের দাবি, নরসিংদী-৪ আসনে বর্তমান সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে দেওয়া আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তন করতে হবে এবং এ এইচ আসলাম সানীকে মনোনয়ন দিতে হবে।
সড়ক অবরোধ করে চলা সভায় বক্তব্য রাখেন– বেলাব উপজেলা আওয়ামী লীগ সভাপতি শমসের জামান ভূঁইয়া রিটন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাচ্চু মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি শমসের জামান ভূঁইয়া রিপন, আওয়ামী লীগ নেতা শাহীন ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, সাধারণ সম্পাদক আব্দুর ওহাব সৌরভ, নারায়নপুণ ইউপি চেয়ারম্যান মোসলেহ উদ্দীন খাঁন সেন্টু, চরউজিলাব ইউপি চেয়ারম্যান প্রফেসর আক্তারুজ্জমান, আমলাব ইউপি চেয়ারম্যান বশির আহমেদ পরশ মোল্লা, সররাবাদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন স্বপন, চরউজিলাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলবুল, পাটুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান জাহাঙ্গীর, বিন্নাবাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, চরউজিলাব ইউনিয়নের আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম প্রমুখ।








