একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য দিনাজপুরে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এর মধ্যে দিনাজপুর-১ আসনে ২ জন, দিনাজপুর-২ আসনে একজন, দিনাজপুর-৪ আসনে একজন, দিনাজপুর-৫ আসনে একজন এবং দিনাজপুর-৬ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ২ জন। তবে দিনাজপুর-৩ আসনে মঙ্গলবার পর্যন্ত কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, মঙ্গলবার দিনাজপুর-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জাগপার প্রার্থী আরিফুল ইসলাম ও ওয়ার্কাস পার্টির আবুল হক, দিনাজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মোকারম হোসেন, দিনাজপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, দিনাজপুর-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মতিউর রহমান এবং দিনাজপুর-৬ আসনে ন্যাপের কাজী আবু জাফর মো. লুৎফর রহমান চৌধুরী ও ন্যাশনাল পিপলস পার্টির সাঈদা খাতুন।








