জামালপুর জেলার ৫টি আসনে বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীকে ৯ জনকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। এর মধ্যে একটি আসনে একক প্রার্থী এবং বাকি চারটি আসনে দু’জন করে প্রার্থী মনোনয়নের চিঠি পেয়েছেন। সর্বশেষ মঙ্গলবার (২৭ নভেম্বর) পর্যন্ত এই চারটি আসনে মনোনয়ন দেওয়া হয়।
বিএনপির দলীয় সূত্রে জানা যায়, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম মনোনয়নের চিঠি পেয়েছেন।
জামালপুর-২ (ইসলামপুর) আসনে উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, বিএনপি সরকারের আমলের মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম মনোনয়নের চিঠি পেয়েছেন।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট শাখা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল মনোনয়নের চিঠি পেয়েছেন।
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমকে একক মনোনয়ন দেওয়া হয়েছে।
জামালপুর-৫ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি সরকারের আমলের সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী মো সিরাজুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন মনোনয়নের চিঠি পেয়েছেন।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম চারটি আসনে একাধিক মনোনয়ন প্রসঙ্গে বলেন, ‘দলীয় প্রতীক তো একজনই পাবে। বিএনপির কেন্দ্রিয় সিদ্ধান্ত মোতাবেক দলীয় কৌশলগত কারণে এমন হচ্ছে।’








