ছুটি না নিয়ে দেশের বাইরে যাওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্বদ্যিালয়ের পালি বিভাগের সহকারী অধ্যাপক ড. জ্ঞানরত্ন শ্রমনের বিরুদ্ধে। এ নিয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু রেজিস্ট্রার বরাবর একটি চিঠিও দিয়েছেন।
এ ব্যাপারে বিভাগের সভাপতি জিনবোধি ভিক্ষু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। জাপানে যাওয়ার জন্য তিনি ২৩-২৫ নভেম্বর ছুটি নিয়েছেন, বিষয়টি অবগত থাকলেও ভারতে যাওয়ার ব্যাপারে ছুটি নিয়েছেন কিনা সভাপতি হিসেবে আমি তা অবগত নই।’
তিনি আরও বলেন, ‘গত ১৭ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখার পর আমরা জানতে পেরেছি তিনি ভারতে অবস্থান করছেন।’
পালি বিভাগের শিক্ষক জ্ঞানরত্ন শ্রমন ছুটি না নিয়ে দেশের বাইরে যাওয়ার বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি তার জানা নেই বলে জানান তিনি। ছুটি না নিয়ে কেউ বিদেশে যেতে পারেন কিনা– এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পারা যায় না বলে জানান তিনি।
সূত্র জানায়, জ্ঞানরত্ন শ্রমনকে বিশ্ববিদ্যালয়ের বিদেশ গমন ছুটি শাখার পরিচালক মো. ইউছুফ আলী স্বাক্ষরিত এক চিঠি দেওয়া হয় গত ২৮ অক্টোবর। এতে জাপানে একটি সিম্পোজিয়ামে যোগ দিতে ২৩-২৫ নভেম্বর পর্যন্ত ছুটি মঞ্জুর করা হয়। কিন্তু নির্ধারিত সময়ের সাত দিন আগে (১৭ নভেম্বর) ভারতে রাষ্ট্রপল মহাথেরো বৌদ্ধ বিহারে মেমোরিয়াল লেকচার দিতে চলে যান শিক্ষক জ্ঞানরত্ন। এ নিয়ে নিজের ফেসবুকের টাইমলাইনে ভারতে থাকার বিষয়টি জানান তিনি। এদিকে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত থাকায় বিভাগের দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স বর্ষের ফলাফলে কাজ আটকে আছে বলে জানা গেছে।
এ ব্যাপারে বিদেশ গমন শাখার পরিচালক মো. ইউছুফ আলী বাংলা ট্রিবিউনকে জানান, ‘এ সংক্রান্ত বিষয় নিয়ে বিভাগ সভাপতি একটি চিঠি দিয়েছেন বলে শুনেছি। তবে চিঠিটি রেজিস্ট্রার কোথায় পাঠিয়েছেন আমার জানা নেই। আমি আজও খোঁজ করেছি।’
ছুটি না নিয়ে বিদেশ যাওয়ার বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক ড.জ্ঞানরত্ন দেশের বাইরে অবস্থান করায় ফোনে তাকে পাওয়া যায়নি।








