গোপালগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় ৬ নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার বরইহাটি ও গোপালগঞ্জ সদর উপজেলার বাজুনিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও আহতরা জানায়, বৃহস্পতিবার বিকালে টুঙ্গিপাড়া উপজেলার বরইহাটি গ্রামের দুই যুবক বরুন বৈরাগী ও কৌশিক বৈরাগীর মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে শুক্রবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ৩ নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হন। এরমধ্য ১১ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অন্যদিকে, বিলে পাখি ধরাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার বাজুনিয়া গ্রামের শাওন ভূইয়ার সঙ্গে গোপীনাথপুর গ্রামের সাজ্জাদ কাজীর কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে সাজ্জাদ কাজী ও তার লোকজন শাওন ভূইয়ার বাড়িতে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে টেঁটাবিদ্ধ হয়ে উভয়পক্ষের ৩ নারীসহ কমপক্ষে ১০ জন আহত হন। এসময় একটি বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। বেশি আহত ৫ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুর ইসলাম ঘটনার বলেন, ‘এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।’








