বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘নির্বাচন কমিশন (ইসি) লেভেল প্লেয়িং ফিল্ড -এর কথা বলছে কিন্তু এখনও তারা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি।’ রবিবার (২ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে বরগুনা জেলা এবং পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করে বলেন, ‘রাতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাকে ফোন দিয়ে অনুরোধ করেন, আপনার সঙ্গে অনেক লোকজন থাকবে- তারা যেন আচরণবিধি লঙ্ঘন না করে সে বিষয়টি খেয়াল রাখবেন। আমরা ঠিকই আচরণবিধি মানলাম কিন্তু বাছাই শেষে দেখলাম নৌকা-নৌকা বলে মিছিল দিলো। এতে কি আচরণবিধি লঙ্ঘন হয়নি? বিষয়টি কি প্রশাসনের নজরে পড়েনি? নাকি আচরণবিধি শুধু আমাদের জন্যই।’
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা বিএনপির সভাপতি ও বরগুনা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সহ-সভাপতি মেজর জাবের, এ জেড এম সালেহ ফারুক, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক তারিকুজ্জামান টিটু প্রমুখ।








