ঝালকাঠি জেলার ২টি আসনে মোট ২১ জন প্রার্থীর মধ্যে সাত জনের মনোনয়ন বাতিল এবং ১৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার (২ ডিসেম্বর) সকালে জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ের হলরুমে প্রার্থীদের হলফনামা যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেওয়া হয়।
জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. হামিদুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, কাগজপত্রে বিভিন্ন ত্রুটি থাকায় ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ঝালকাঠি-১ আসনের বৈধ প্রার্থীরা হলেন আ’লীগের বজলুল হক হারুন, বিএনপির ব্যারিস্টার এম শাহজাহান ওমর, বিএনপির মো. রফিকুল ইসলাম জামাল, জাতীয় পার্টি- (এরশাদ) এমএ কুদ্দুস খান, ওয়ার্কাস পাটির কমরেড আবুল হোসেন, জাতীয় পার্টি- (জেপি-মঞ্জু) মো. রুবেল হাওলাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের আল্লামা নুরুল হুদা ফয়েজী, এনপিপির প্রবীর কুমার মিত্র।
এই আসনে স্বতন্ত্র ৬ জন প্রার্থীর এক শতাংশ সমর্থক তালিকায় হেরফের থাকায় প্রার্থিতা বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন, মনিরুজ্জামান মনির (আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক), মো. শাহ জালাল শামীম, ইয়াছমিন আক্তার পপি (যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি), মাওলানা দেলোয়ার হোসেন(স্বতন্ত্র), নূরুল ইসলাম মূকুল মৃধা (স্বতন্ত্র, রাজাপুর উপজেলা আ’লীগ নেতা)।
অপরদিকে ঝালকাঠি-২ আসনে যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন,আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভট্টো, জিবা আমিনা খান (বিএনপি), জাতীয় পার্টি-(এরশাদ) এমএ কুদ্দুস খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুফতি মাওলানা ফয়েজুল করিম ও এনপিপির জাহাঙ্গীর হোসেন খান। এ আসনে বাতিল হওয়া একমাত্র প্রার্থী গণফোরামের জাহান শাহ কবির পারভেজ।








