কক্সবাজারের টেকনাফে ৯ হাজার ৭৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি অটোরিকশাসহ দুই চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী।
বিজিবি’র এই কর্মকর্তা জানান, গতকাল রবিবার রাতে টেকনাফের হ্নীলা বিওপি চৌকির কর্মরত নায়েক মো. ছাবির উদ্দিনের নেতৃত্বে একটি টহল দল হ্নীলা ইউপির অবরাং এলাকা দিয়ে অটোরিকশায় করে বালুখালীতে ইয়াবা পাচার হতে পারে- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকার রাস্তার পাশে ওঁৎ পেতে থাকে। এর কিছুক্ষণ পর দুটি অটোরিকশা হৃীলা থেকে বালুখালী যাওয়ার সময় বিজিবি থামার জন্য সংকেত দেয়। সঙ্গে সঙ্গে দুই অটোরিকশার চালক ইউটার্ন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি সদস্যরা দ্রুত দৌড়ে অটোরিকশাগুলোকে আটক করতে সক্ষম হয়।
পরে চালকদের আটক করে অটোরিকশার সিটের নিচে লুকানো অবস্থায় ৯ হাজার ৭৬৫ পিস ইয়াবা, নগদ টাকা ও মোবাইল সেট উদ্ধার করে। এ ঘটনায় আটক চালকরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার দক্ষিণপাড়া এলাকার মৃত বদিউল আলমের ছেলে মো. করিম উল্লাহ (২১), একই ইউনিয়নের অবরাং এলাকার আব্দুর ছফুরের ছেলে এনামুল হক (১৯)। উদ্ধার করা ইয়াবা, অটোরিকশা ও মোবাইল সেটের আনুমানিক মূল্য ৩৩ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা বলে জানায় বিজিবি।
এদিকে ইয়াবাসহ আটক আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফ সার্কেলে হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির ওই কর্মকর্তা।








