চট্টগ্রামের পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৪ ডিসেম্বর) রাত থেকে শনিবার (১৫ ডিসেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সাইফুদ্দিন সালাম মিঠু অভিযোগ করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার দিনে যেসব এলাকায় বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ করেছি, রাতে সে সব এলাকা থেকে চার জন প্রতিনিধিসহ ১৫ বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীকে তুলে নিয়ে গেছে পুলিশ।’
তবে বিষয়টি অস্বীকার করে পটিয়া থানার ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা দলীয় বিবেচনায় কাউকে গ্রেফতার করিনি। যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের নামে থানায় মামলা দায়ের রয়েছে। মামলার আসামিদের গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।’








