খুলনায় নিজের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে ঝন্টু শেখ (৩৮) নামের এক পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে অভিযুক্ত ঝন্টু শেখের স্ত্রী ও তাদের ১৩ বছর বয়সী ভুক্তভোগী শিশু কন্যাটির মা খুলনা মহানগরীর সদর থানায় ঝন্টুর বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, ঝন্টু শেখ গোপালগঞ্জ কাশিয়ানী থানার মাজরা এলাকার আহাদ শেখের পুত্র।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও খুলনা থানার এসআই সুব্রত বিশ্বাস বলেন, ‘ধর্ষক পিতা ঝন্টু শেখকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ঝন্টু জানিয়েছে, ঘটনার রাতে সে নেশাগ্রস্ত ছিল। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে।’
মামলার এজাহারে বলা হয়, গত রবিবার রাতে খাওয়া-দাওয়া শেষে ঝন্টু শেখ তার স্ত্রী ও শিশু কন্যাকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। এর ফলে তারা ঘুমিয়ে পড়ে। সেদিন রাত আড়াইটার দিকে সে তার শিশু কন্যাকে ধর্ষণ করে। পরদিন সকালে বিষয়টি জানাজানি হয়। এসময় ঝন্টু তার স্ত্রী ও কন্যাকে নদীতে ফেলে হত্যা করবে বলে ভয় দেখায়। এ পরিস্থিতিতে ঝন্টুর স্ত্রী বাদী বুধবার দুপুরে খুলনা থানায় স্বামীর বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন (নম্বর ২৮)। আহত শিশু কন্যাকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।








