নওগাঁর আত্রাইয়ে অবিস্ফোরিত চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। উপজেলার নির্মাণাধীন একটি বেইলি ব্রিজ এলাকা থেকে অবিস্ফোরিত দুইটি এবং ঈদগাহ মাঠ থেকে আরও দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) গভীর রাতে নির্মাণাধীন একটি বেইলি ব্রিজ এলাকায় গর্তের মধ্যে দুইটি ককটেল দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়।
এছাড়া শুক্রবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার খোলাপাড়া ঈদগাহ মাঠে এলাকাবাসী আরও দুইটি অবিস্ফোরিত ককটেল দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ককটেলগুলো উদ্ধার করে।
এছাড়া আরও একটি ককটেল বিস্ফোরিত অবস্থায় দেখতে পায় পুলিশ। ওসি বলেন, বিষয়টির তদন্ত চলছে। পুলিশ জড়িতদের আটকের চেষ্টা করছে।








