নারায়ণগঞ্জের ফতুল্লার একটি ফ্ল্যাট বাসায় আগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৯ জনের মধ্য থেকে আরও দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ ডিসেম্বর) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শ্রী নাথ চন্দ্র বর্মণ ও শনিবার (২২ ডিসেম্বর) রাতে তার ছেলে অর্পিত বর্মণের মৃত্যু হয়। ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে একই ঘটনায় দগ্ধ অবস্থায় বুধবার (১৯ ডিসেম্বর) দিনগত রাতে শ্রী নাথের মা হরিদাসী ও বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকালে শ্রীনাথের বোন সুমিত্রা মারা যান।
রবিবার (২৩ ডিসেম্বর) ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, শ্রী নাথ শরীরের ৩০ শতাংশ ও অর্পিত ৪৬ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন। পরে হাইডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় ভোরে শ্রী নাথ ও শনিবার রাতে অর্পিতের মৃত্যু হয়।
উল্লেখ্য, বুধবার (১৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লার হক বাজার এলাকায় একটি চারতলা ভবনের তৃতীয় তলায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে।
দগ্ধরা হলেন- শ্রীনগর নাথ চন্দ্র বর্মণ (৩৫), তার স্ত্রী মতি অর্চনা (৩২), তাদের মেয়ে অনামিকা (১৫), ছেলে অর্পিত (১০)। এছাড়া বর্মণের মা ছায়া রানী (৬০), তার মেয়ে সুমিত্রা (২৭), তার ছেলে প্রমিত (১৪), তার ছোট ভাই শাওন (১০) এবং বর্মণের বোন জামাই নারায়ণ চন্দ্র (৪০)।








