নিজ আসনের বাইরে এবার মানিকগঞ্জ-২ আসনের দলের প্রার্থী মমতাজ বেগমের পক্ষে নৌকায় ভোট চাইলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন। এ উপলক্ষে রবিবার (২৩ ডিসেম্বর) বিকালে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক নির্বাচনি সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং মানিকগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ মালেক স্বপন বলেন, ‘সারা দেশের মতো মানিকগঞ্জে বিগত দিনে এত উন্নয়ন হয়েছে যে এখন মানিকগঞ্জকে বলা হয় আওয়ামী লীগের ঘাঁটি। এই জেলায় ৩টি আসনের মধ্যে নির্বাচনি মাঠে ইতোমধ্যে বিএনপির একটি উইকেটের পতন হয়ে গেছে। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে বিএনপির বাকি দুটি উইকেটেরও পতন ঘটাবে ভোটাররা। কারণ বিএনপি প্রার্থী বিগত ১০ বছরে একদিনের জন্যও জনগণের পাশে আসেনি, এদের জনগণ চেনে না।’
জাহিদ মালেক স্বপন আরও বলেন, ‘জনগণ এখন দেশের সব ধরনের খবর রাখে। জনগণ আর দেশে সন্ত্রাস, বোমা হামলা, জঙ্গিবাদ চায় না। বিএনপি হচ্ছে সন্ত্রাস, বোমা হামলা আর জঙ্গিবাদের আশ্রয়খানা। মানুষ এসবকে ঘৃণা করে। মানুষ এখন শেখ হাসিনার উন্নয়নের প্রতি আস্থা রেখেছে।’ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।
নির্বাচনি সভায় মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগম বলেন, ‘মানিকগঞ্জ-২ আসনে দলের কাছে মনোনয়ন চেয়েছিলেন ১০ জন। কিন্তু দল মনোনয়ন দিয়েছে একজনকে। তাই বাকি ৯ জনই নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। এখানে দল কাকে মনোনয়ন দিয়েছে তা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে নৌকা বিজয় হলে প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা।’
হাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মণির হোসেনের সভাপতিত্বে ওই নির্বাচনি সভায় আরও বক্তব্য রাখেন– জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সাবেক সংসদ সদস্য শামসুদ্দিন আহমেদ ও মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন।








