বগুড়া সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৩ ডিসেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়। সদর থানার ওসি এসএম বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা নাশকতার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ডা. মামুনুর রশিদ মিঠু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন, শহরের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আকতারুজ্জামান নান্টু, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, বিএনপি কর্মী দেওয়ান রাশেদ হিরা ও আলমগীর হোসেন।
বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল অভিযোগ করে বলেন, ‘রবিবার মধ্যরাতের পর থেকে পুলিশ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়িতে হানা দেয়। নির্বাচনের কারণে তারা গায়েবি মামলায় ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। আরও নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়েছে।’
অভিযোগ অস্বীকার করে বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, ‘হয়রানি করার উদ্দেশে কারও বাড়িতে অভিযান চালানো হয়নি। নাশকতার মামলার আসামি হিসেবে রাতে বিএনপির সাত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।’








