কিশোরগঞ্জ-৬ আসনের কুলিয়ারচরে জাতীয় ঐক্যফন্ট মনোনীত বিএনপির প্রার্থী মো. শরীফুল আলমের গণসংযোগের সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সোমবার (২৪ ডিসেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, ধানের শীষের প্রার্থী মো. শরীফুল আলম নেতাকর্মীদের নিয়ে উপজেলার বরখারচর গ্রামে গণসংযোগ ও পথসভায় যাওয়ার পথে কুলিয়ারচর থানার অদূরে টিঅ্যান্ডটি অফিসের সামনে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে শর্টগানের গুলি ছোঁড়ে। ধাওয়া পাল্টা-ধাওয়ায় বিএনপির অন্তত ১৪ জন নেতাকর্মী আহত হন। অপরদিকে বিএনপির ইট-পাটকেলের আঘাতে ২ পুলিশ অফিসার সহ ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ ব্যাপারে শরীফুল আলম বলেন, ‘গণসংযোগে যাওয়ার পথে পুলিশ আমাদের বাধা দেয় ও এক পর্যায়ে আমার ওপর গুলি ছুঁড়তে থাকে। আমাকে বাঁচাতে গিয়ে তপু, রুবেল, ফেরদৌস, কাশেম, ইব্রাহিম ও সোহানসহ আমাদের ১৪ জন নেতাকর্মী আহত হন।’
এ ব্যাপারে কুলিয়ারচর থানার ওসি মো. নান্নু মোল্লা বাংলা ট্রিবিউনকে জানান, বিকালে বিএনপি সমর্থিত লোকজন দেশীয় অস্ত্রসহ মিছিল বের করলে পুলিশ তাদের শান্তিপুর্ণভাবে মিছিল করার অনুরোধ জানায়। কিন্তু তারা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শর্টগানের ফাঁকা গুলি ছুঁড়লে তারা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’








